মূল অংশে যান
SnapLayer Tools

বিজয় থেকে ইউনিকোড কনভার্টার

বিজয়ে লেখা ইউনিকোডে, ইউনিকোড লেখা বিজয়ে। পেস্ট করলেই সঙ্গে সঙ্গে রূপান্তর।

Read in English

বিজয় ও ইউনিকোড কনভার্টার

0 অক্ষর · 0 শব্দ

0 অক্ষর · 0 শব্দ

রূপান্তর আপনার ব্রাউজারেই হয়। লেখা কোথাও পাঠানো হয় না।

কীভাবে ব্যবহার করবেন

  1. বিজয়ে লেখা টেক্সট “বিজয়” বক্সে পেস্ট করুন। পাশের (মোবাইলে নিচের) “ইউনিকোড” বক্সে সঙ্গে সঙ্গে ইউনিকোড বাংলা চলে আসবে।
  2. উল্টোটা লাগলে “ইউনিকোড” বক্সে লিখুন বা পেস্ট করুন, বিজয় বক্সে বিজয় লেখা তৈরি হবে।
  3. যে বক্সের লেখা দরকার, তার নিচের “কপি” চাপুন, তারপর যেখানে দরকার সেখানে পেস্ট করুন।
  4. আপনার কম্পিউটারে SutonnyMJ ফন্ট থাকলে “SutonnyMJ ফন্টে দেখুন” চালু করে বিজয় লেখাটিও বাংলায় পড়ে মিলিয়ে নিতে পারেন।

বিজয় আর ইউনিকোডের পার্থক্য কী

বিজয় আসলে বাংলা অক্ষর জমা রাখে না। এটি ইংরেজি অক্ষর আর কিছু চিহ্নের কোড জমা রাখে, আর SutonnyMJ-এর মতো বিজয় ফন্ট সেই কোডগুলোকে বাংলা অক্ষরের আকারে আঁকে। ফন্ট বদলালেই আসল কোড বেরিয়ে পড়ে: “আমি বাংলায় গান গাই” হয়ে যায় Avwg evsjvq Mvb MvB। তা ছাড়া বিজয়ে ি, ে, ৈ লেখা হয় ব্যঞ্জনের আগে, কারণ সেগুলো আগেই আঁকা হয়।

ইউনিকোডে প্রতিটি বাংলা অক্ষরের নিজস্ব কোড আছে, আর লেখা থাকে উচ্চারণের ক্রমে। তাই যেকোনো বাংলা ইউনিকোড ফন্টে, ফোনে, ফেসবুকে, ওয়েবসাইটে বা গুগল সার্চে একই লেখা ঠিকভাবে দেখা যায় ও খোঁজা যায়। এই কনভার্টার বিজয়ের প্রতিটি কোড চিনে নিয়ে অক্ষরগুলোকে ইউনিকোডের ক্রমে সাজায়, আর উল্টো দিকে বিজয় কি-বোর্ডে যে ক্রমে টাইপ হয় সেভাবে লেখে।

কখন কোন দিকে রূপান্তর লাগে

অফিস, আদালত, স্কুল আর ছাপাখানায় বহু বছরের কাজ বিজয়ে টাইপ করা। সেই লেখা ফেসবুকে পোস্ট, ইমেইল, ওয়েবসাইট, গুগল ডকস বা মোবাইলে ব্যবহার করতে হলে আগে ইউনিকোডে নিতে হয়। আবার কিছু পুরোনো ডিজাইন ও ছাপার সফটওয়্যারে ইউনিকোড বাংলার যুক্তাক্ষর ঠিকমতো জোড়া লাগে না; সেখানে কাজ করতে হলে ইউনিকোড লেখাকে বিজয়ে নিয়ে SutonnyMJ ফন্টে বসাতে হয়।

রূপান্তরের পর যা মিলিয়ে নেবেন

বিজয় ইংরেজি অক্ষর দিয়েই বাংলা লেখে, তাই বিজয় লেখার ভেতরে কোনো ইংরেজি শব্দ থাকলে সেটিও বাংলা হয়ে যায়। ইংরেজি অংশ আলাদা করে রাখুন, অথবা রূপান্তরের পর আবার লিখে দিন। ইউনিকোড বক্সে আগে থেকে থাকা ইউনিকোড বাংলা অবশ্য যেমন ছিল তেমনই থাকে।

Word ফাইল থেকে কপি করলে শুধু লেখা আসে, টেবিল বা ফরম্যাটিং আসে না। ইউনিকোড লেখা পেস্ট করার পর ফন্ট বদলে Kalpurush, SolaimanLipi বা Noto Sans Bengali-এর মতো কোনো ইউনিকোড ফন্ট দিন; SutonnyMJ রেখে দিলে ইউনিকোড লেখা ভুল দেখাবে।

খুব বিরল কোনো যুক্তাক্ষরের জন্য বিজয় ফন্টে আলাদা আকার না থাকলে কনভার্টার হসন্ত দেখিয়ে লেখে, যেমন ড্‌গ। রূপান্তরের পর নাম, ঠিকানা আর সংখ্যা একবার পড়ে নেওয়া ভালো।

আপনার লেখা আপনার কাছেই থাকে

রূপান্তর পুরোটাই আপনার ব্রাউজারে হয়। লেখা কোনো সার্ভারে পাঠানো হয় না, কোথাও সংরক্ষণও হয় না, আর পেজ বন্ধ করলেই মুছে যায়। পেজ একবার খুলে গেলে ইন্টারনেট ছাড়াও কাজ করে।

সাধারণ প্রশ্ন ও উত্তর

বিজয়ে লেখা অন্য জায়গায় পেস্ট করলে Avwg evsjv-র মতো দেখায় কেন?

কারণ বিজয় লেখা আসলে ইংরেজি অক্ষরের কোড, আর সেটি বাংলা দেখায় কেবল SutonnyMJ-এর মতো বিজয় ফন্টে। যেখানে সেই ফন্ট নেই, সেখানে আসল ইংরেজি অক্ষরগুলোই দেখা যায়। লেখাটি এখানে বিজয় বক্সে পেস্ট করে ইউনিকোড বক্স থেকে কপি করলে সব জায়গায় ঠিক দেখাবে।

SutonnyMJ ফন্টে লেখা পুরো Word ফাইল কীভাবে ইউনিকোড করব?

Word-এ Ctrl+A চেপে সব লেখা সিলেক্ট করে কপি করুন, এখানে বিজয় বক্সে পেস্ট করুন, তারপর ইউনিকোড বক্স থেকে কপি করে নতুন ডকুমেন্টে পেস্ট করুন। এরপর ফন্ট হিসেবে কোনো ইউনিকোড বাংলা ফন্ট বেছে নিন। টেবিল ও ফরম্যাটিং আলাদা করে আবার ঠিক করতে হবে।

বিজয় লেখার ভেতরের ইংরেজি শব্দ বদলে যায় কেন?

বিজয় বাংলা লেখার জন্য ইংরেজি অক্ষরই ব্যবহার করে, তাই কোন অক্ষরটা ইংরেজি আর কোনটা বাংলার কোড, তা লেখা দেখে আলাদা করা যায় না। ইংরেজি অংশগুলো আলাদা রেখে শুধু বাংলা অংশ রূপান্তর করুন।

আমার লেখা কি কোথাও পাঠানো বা জমা রাখা হয়?

না। রূপান্তর আপনার ব্রাউজারের ভেতরেই হয়, লেখা কোনো সার্ভারে যায় না এবং কোথাও সংরক্ষণ হয় না। তাই অফিসের চিঠি বা ব্যক্তিগত লেখাও নিশ্চিন্তে রূপান্তর করতে পারেন।

“SutonnyMJ ফন্টে দেখুন” চালু হচ্ছে না কেন?

SutonnyMJ একটি বাণিজ্যিক ফন্ট, তাই আমরা সেটি দিতে পারি না; আপনার ডিভাইসে ইনস্টল থাকলে তবেই প্রিভিউ দেখা যায়। ফন্ট না থাকলেও রূপান্তর পুরোপুরি কাজ করে, শুধু বিজয় বক্সের লেখা ইংরেজি অক্ষরের মতো দেখায়।

রূপান্তরের পর কোনো যুক্তাক্ষর ভুল দেখালে কী করব?

বিজয়ের একই অক্ষরের একাধিক কোড আছে, আর কনভার্টারটি পুরোনো ডকুমেন্টে ব্যবহৃত বিকল্প কোডগুলোও চেনে। তবু কোনো শব্দ ভুল এলে শব্দটি আর মূল বিজয় লেখাটি যোগাযোগ পাতা থেকে আমাদের জানান, আমরা ঠিক করে দেব।

মোবাইল থেকে কি এটি ব্যবহার করা যায়?

হ্যাঁ। মোবাইলে বক্স দুটি একটির নিচে আরেকটি দেখায়, আর কপি বাটনে চাপ দিলেই লেখা কপি হয়ে যায়। পেজ একবার খোলার পর ইন্টারনেট চলে গেলেও রূপান্তর চলবে।

সর্বশেষ হালনাগাদ: